দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন জাতের লিচু। ছবি : কালবেলা
সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন জাতের লিচু। ছবি : কালবেলা

দেশের ‘লিচুর রাজ্য’ খ্যাত দিনাজপুরে মৌসুমের শুরুতেই জমে উঠেছে লিচুর বেচাকেনা। জেলার বিভিন্ন বাগান থেকে মাদ্রাজি, বেদানা, বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন এই জেলায়। ভালো ফলন ও সন্তোষজনক দামে চাষিরা খুশি হলেও পাইকাররা বলছেন- অন্যান্য বছরের তুলনায় এবার দাম কম।

ব্যবসায়ী, চাষি ও কৃষি কর্মকর্তারা মনে করছেন, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের আগমন বাড়লে বাজারে দামও বৃদ্ধি পাবে।

জেলার সবচেয়ে বড় লিচুর বাজার বসেছে দিনাজপুর শহরের নিউমার্কেট এলাকায়। ভোর থেকে রাত পর্যন্ত সেখানে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাজারজুড়ে সারি সারি ঝুড়িতে সাজানো লিচু, দর-কষাকষি আর পাইকারি বেচা-কেনায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

সরেজমিনে দেখা গেছে, বাজারে লিচুভর্তি ভ্যান, ইজিবাইক ও ছোট ট্রাকের দীর্ঘ সারি। জায়গা সংকুলান না হওয়ায় অনেক চাষি ও বাগান মালিক রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্রির অপেক্ষা করছেন। বাজারে মাদ্রাজি, বেদানা, বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচুর ব্যাপক সমাগম দেখা গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বর্তমানে ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে ৫ হাজার ৪১৮টি বাণিজ্যিক লিচু বাগান রয়েছে। এর মধ্যে বোম্বাই ৩ হাজার ১৭০ হেক্টর, মাদ্রাজি ১ হাজার ১৬৬ হেক্টর, চায়না-থ্রি ৮০২ হেক্টর, বেদানা ২৯৫ দশমিক ৫ হেক্টর, কাঁঠালি ৫৬ হেক্টর এবং মোজাফফরপুরী ১ হেক্টর জমিতে চাষ হয়েছে। এছাড়া জেলার বসতবাড়ি ও ব্যক্তিগত বাগানে প্রায় ৭ লাখ লিচুগাছ রয়েছে। চলতি মৌসুমে প্রায় ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

লিচু ব্যবসায়ী দরদী ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী মো. রানা বলেন, বৃষ্টি ও রোদের কারণে এ বছর লিচুর আকার, রং ও মান ভালো হয়েছে। তবে ঈদের কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখনও পুরোপুরি আসেননি। এজন্য বাজারদর কিছুটা কম রয়েছে। কয়েক দিনের মধ্যেই বাজার আরও চাঙা হবে বলে আশা করছি।

মামুন ফল ভাণ্ডারের স্বত্বাধিকারী ও আড়তদার মো. মামুন বলেন, নিউমার্কেটে জায়গা সংকুলান না হওয়ায় ব্যবসা পরিচালনায় কষ্ট হচ্ছে। বাজার সম্প্রসারণ করা হলে ব্যবসায়ী ও চাষিরা উপকৃত হবেন।

ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, আজ বাজারে লিচুর আমদানি অনেক বেশি। বাগান থেকে বোম্বাই লিচু প্রতি হাজার ২ হাজার ৪০০ টাকায় কিনে এনে ২ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। অতিরিক্ত সরবরাহের কারণে কিছুটা লোকসান গুনতে হয়েছে।

বিরল উপজেলার কামদেবপুর গ্রামের চাষি মিজানুর রহমান বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি। কখন আড়তে লিচু দিতে পারব জানি না। তবে বাজারে ক্রেতা বাড়লে দামও বাড়বে বলে আশা করছি।

সদর উপজেলার শেখপুরা এলাকার আশরাফুল ও তালেবুল বলেন, প্রচুর লিচু আসায় আজ দাম কিছুটা কম। তারপরও আশা করছি কয়েক দিনের মধ্যে পরিস্থিতি বদলাবে।

লিচু কিনতে আসা ক্রেতা ইমরুল কায়েস রূপম বলেন, বেদানা লিচু ৫০০ টাকা ও চায়না-থ্রি ৮০০ টাকা দরে কিনেছি। গত বছরের তুলনায় দাম কম হওয়ায় আমি সন্তুষ্ট।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেন, অতিরিক্ত বৃষ্টি ও আবহাওয়াজনিত কারণে এ বছর লিচুর উৎপাদন প্রায় ১০ থেকে ১৫ শতাংশ কম হতে পারে। তবে ফলের আকার, রং ও গুণগত মান অত্যন্ত ভালো হয়েছে। মৌসুমের শুরুতে বাজারদর কিছুটা কম থাকলেও ইতোমধ্যে বাজারে গতি আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসছেন, কুরিয়ার ও পরিবহন কার্যক্রমও স্বাভাবিক হচ্ছে। ফলে চাষিরা ভালো দাম পাবেন বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, গত বছর দিনাজপুরের লিচুর বাজারমূল্য প্রায় ৭৫০ কোটি টাকা ছিল। এ বছর উৎপাদন কিছুটা কম হলেও বাজারদর ভালো থাকায় মোট বাজারমূল্য ৯০০ থেকে ১ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। দিনাজপুরের লিচুর সুনাম দেশজুড়ে রয়েছে। প্রতি বছরই চাষি, ব্যবসায়ী ও ক্রেতারা লাভবান হচ্ছেন। এ সপ্তাহের মধ্যেই বেদানাসহ উন্নত জাতের লিচু দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সরবরাহ শুরু হবে। এতে বাজার আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

লিচুর মৌসুমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও তৎপর রয়েছে। দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, লিচুর মৌসুমকে ঘিরে বিভিন্ন বাজার, আড়ত ও গুরুত্বপূর্ণ সড়কে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পাইকার, ব্যবসায়ী ও বাগানিরা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন তদারকি করা হচ্ছে। লিচু পরিবহন ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X