

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। সুমন ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করতেন।
সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবোঝাই পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা চারজন মারা যান।
তিনি আরও বলেন, মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।