

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৬ কোটি ৯৬ লক্ষ ৪৭ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকালে পৌরসভার সোনার বাংলা হলরুমে উন্মুক্তভাবে এ বাজেট ঘোষণা করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম। ঘোষিত বাজেটে ব্যয়ের থেকে আয়ের পরিমাণ ৬ লক্ষ ১৭ হাজার ৪১৬ টাকা বেশি দেখানো হয়েছে।
বাজেটে নিরাপদ পানি সরবরাহ, মশক নিধন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আলোকসজ্জা, শিক্ষা, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার, নাগরিক সেবার মান বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, থানার ওসি আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, ঘোষিত বাজেটে জনগণের ওপর কোনো বাড়তি কর বসানো হয়নি। আগে থেকে যা ধার্য রয়েছে সেটিই বলবৎ থাকবে। আর পুরো বাজেটটি জনগণের জন্যই। কারণ বিশুদ্ধ পানি, মশা নিধন, নাগরিক সেবা, আলোকসজ্জা সহ বাকি সব উদ্যোগ পৌর এলাকার জনগণকে ভালো রাখার জন্য।