

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌর শহরের নিশাই সরকার জামে মসজিদসংলগ্ন পুকুরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
নিহত মো. তামিম মিয়া (১১) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী মহিলা কলেজ এলাকার কুয়েতপ্রবাসী মো. রনি মিয়ার একমাত্র ছেলে। সে গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুরে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় তামিম। পরে কয়েকজন সহপাঠীর সঙ্গে নিশাই সরকার জামে মসজিদের পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও তামিম আর ফেরেনি।
দীর্ঘ সময়েও ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তামিমের জুতা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। জাল দিয়েও পুকুরে অনুসন্ধান করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
পরদিন মঙ্গলবার সকালে পুকুরঘাটের সামনে তামিমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
গফরগাঁও থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।