

ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যাওয়া প্রায় ৫ লক্ষাধিক বাংলাদেশি রোগীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের এক ঐতিহাসিক মাইলফলক উদ্যাপন করেছে অ্যাপোলো হসপিটাল।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টায় চেন্নাইয়ের হায়াত রিজেন্সি হোটেলের কনফারেন্স হলে বর্ণাঢ্য এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে চেন্নাইয়ে চিকিৎসাধীন বাংলাদেশের অর্ধশত রোগী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশি রোগীদের চিকিৎসা আরও সহজ করতে অদূর ভবিষ্যতে ঢাকা এবং এবং চট্টগ্রামে টেলিমেডিসিন ও টেলি-রেডিওলজি সেন্টার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মো. আলিমুজ্জামানের। তবে হঠাৎ অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারায় তার পাঠানো শুভেচ্ছা বার্তা দেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক।
অনুষ্ঠানে অ্যাপোলো চেন্নাই হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাভিন ভি বলেন, ভারতের বৃহত্তম হেলথকেয়ার নেটওয়ার্ক হিসেবে আমাদের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে কার্ডিওলজিস্ট ড. প্রতাপ চন্দ্র রেড্ডির হাত ধরে। বর্তমানে কেবল চেন্নাই অঞ্চলেই আমাদের ১০টারও বেশি হাসপাতাল রয়েছে।
বিশ্বমানের প্রযুক্তি আমদানির ক্ষেত্রে অ্যাপোলোর অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আমরাই প্রথম ক্যানসার চিকিৎসার জন্য অত্যন্ত আধুনিক 'প্রোটন বিম থেরাপি' নিয়ে এসেছি। ওয়ার্ল্ড ক্লাস ক্লিনিক্যাল আউটকাম এবং রোবটিক সার্জারির অনন্য বেঞ্চমার্কের কারণেই বাংলাদেশিরা আমাদের ওপর আস্থা রেখেছেন।
বাংলাদেশি রোগীদের জন্য সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে নাভিন ভি আরও জানান, বর্তমানে বাংলাদেশে অ্যাপোলোর ৫টি তথ্য কেন্দ্র (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ) চালু আছে এবং খুব শীঘ্রই সিলেটে নতুন শাখা চালু হবে। এসব অফিস থেকে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ভিসা প্রসেসিং ও অ্যাপয়েন্টমেন্ট সুবিধা পাচ্ছেন। এছাড়া খুব দ্রুতই একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে, যার মাধ্যমে রোগীরা দেশেই বসে সরাসরি চেন্নাইয়ের চিকিৎসকদের কাছ থেকে ‘সেকেন্ড মেডিকেল অপিনিয়ন’ নিতে পারবেন।
অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটালসের রিজিওনাল সিইও ডা. ইলেন কুমারান কে. বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, এ ৫ লাখের মাইলস্টোন মূলত একটি গভীর বিশ্বাসের প্রতিফলন। আমাদের দুই দেশের ভৌগোলিক সীমানা আলাদা হলেও, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের সুর আমাদের এক সুতোয় বেঁধেছে।
প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ ডা. ইলেন কুমারান বলেন, ইউরোপের মতো আমাদের বর্ডারহীন সীমান্ত না থাকলেও ভারত ও বাংলাদেশের চমৎকার কালচারাল কানেকশনের কারণে রোগীরা এখানে এসে নিজেদের বাড়ির মতো কমফোর্ট ও কনফিডেন্স পান। চিকিৎসার পর রোগীরা যাতে নিজেদের দেশেই ফলো-আপ করতে পারেন, সেজন্য আমরা বাংলাদেশে মাল্টিপল ক্লিনিক করার পরিকল্পনা করছি।
দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রাজেশ ভৌমিক অ্যাপোলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, চেন্নাই বিভিন্ন সময়েই বাংলাদেশি রোগীদের প্রথম পছন্দের ডেস্টিনেশন। ৫ লাখের এই বিশাল সংখ্যাটিই প্রমাণ করে রোগীরা এখানে এসে কেমন সেবা পাচ্ছেন।
চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইয়ে আসা বাংলাদেশি নাগরিককে যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আশ্বাস দেন তিনি।
অ্যাপোলো হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট গুরু প্রসাদ ভবিষ্যৎ পরিকল্পনার বড় তথ্যটি দিয়ে জানান, বাংলাদেশি রোগীদের সুবিধার্থে এবং তাদের ফলো-আপ কেয়ার সহজ করতে আমরা ইতোমধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেছি। ঢাকা বা চট্টগ্রামে একটি হাসপাতাল নির্মাণ এবং অনুমতি সাপেক্ষে টেলিমেডিসিন সেন্টার চালুর পরিকল্পনা আমাদের পাইপলাইনে রয়েছে।
অ্যাপোলো হাসপাতালে ইন্টারন্যাশনাল বিজনেস ডেস্কের ইনচার্জ সানজিৎ নায়েকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাপোলো হাসপাতালের বাংলাদেশের প্রতিনিধি সৈয়দ রিফাত ফারুক।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একটি ফটো সেশন ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।