

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য বর্তমান সময়কে উপযুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে আয়োজিত একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত জানান, ইতালি ও বাংলাদেশের মধ্যে বর্তমানে ২ বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ থেকে ইতালিতে প্রায় ১.৬ বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানি করা হয়। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে পণ্যের বৈচিত্র্য আনতে ইতালিয়ান কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।
অনুষ্ঠানে চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, চায়না ইকোনমিক জোন, ফ্রি ট্রেড জোন এবং মাতারবাড়িতে পৃথক ফ্রি ট্রেড জোন গড়ে তোলার কাজ চলছে। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিক্স হাবে পরিণত হবে। তিনি এসব ফ্রি ট্রেড জোনে ইতালিয়ান কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।
ওয়ার্কশপে আরও বক্তব্য দেন ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানি, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরী, বিকেএমইএ’র পরিচালক আহমেদ নূর ফয়সাল, বিটিএমইএ’র মির্জা আহমেদ ইস্পাহানী এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন।