ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি

ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তির ধারা লঙ্ঘন করে ছয় ছাত্রদল নেতাকে নিয়মিত মাস্টার্সে (স্নাতকোত্তর) পুনঃভর্তি করিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। অন্যদিকে যৌক্তিক কারণ থাকলেও পুনঃভর্তির সুযোগ দেওয়া হয়নি একাধিক সাধারণ শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে না পারা শিক্ষার্থীদের শুধু নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। অবশ্য এ ধরনের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আনোয়ার পারভেজ নামে এক ছাত্রদল নেতাকে পুনঃভর্তির সুযোগ দিয়েছে প্রশাসন। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা প্রশ্ন তুলে বলেছেন, ছাত্রদল নেতা বলে বিশেষ বিবেচনা, তবে অন্যদের ক্ষেত্রে কেন বঞ্চনা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তির ধারা অনুযায়ী, পরপর দুই বছর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হলে নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তির সুযোগ পাবেন না শিক্ষার্থীরা। তবে এই নিয়ম লঙ্ঘন করে সম্প্রতি ছাত্রদলের ছয় নেতাকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তি নিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদের নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও বিষয়টি বিবেচনায় নিয়েছে প্রশাসন। অর্ডিন্যান্সের বাইরে শুধু রাজনৈতিক প্রতিবন্ধকতার বিষয়টিকে বিবেচনায় নিয়ে তাদের ভর্তি নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনৈতিক বিবেচনার কথা বললেও ভর্তি হওয়া সবাই রাজনৈতিক কারণ দেখিয়ে পুনঃভর্তির আবেদন করেননি।

ইবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ রাজনৈতিক নয়, পারিবারিক কারণ দেখিয়ে পুনঃভর্তি হয়েছেন বলে জানা গেছে। তিনি যে পারিবারিক কারণ দেখিয়েছেন, সেটিও মিথ্যা বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, ইবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে বিভিন্ন মাধ্যমে তদবির করছেন আনোয়ার। তাই ছাত্রত্ব টিকিয়ে রাখতেই নিয়মবহির্ভূতভাবে ভর্তি হয়েছেন তিনি।

জানা যায়, ভর্তি হওয়া অন্য ছাত্রদল নেতাদের প্রকৃত রাজনৈতিক সমস্যা থাকলেও আনোয়ার পারভেজের কোনো পারিবারিক ও রাজনৈতিক সমস্যা ছিল না। আওয়ামী লীগ শাসনামলে তাকে ক্যাম্পাসে অবাধে চলাচল, আড্ডা দেওয়াসহ অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেখা যেত। বিভিন্ন সময় আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন তিনি। রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে যেখানে অনেক আগেই হল ছাড়তে হয়েছিল ছাত্রদলের অন্য নেতাকর্মীদের, সেখানে ২০১২ থেকে ২০১৭ সালের ১৯ নভেম্বর পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেই থাকতেন। এরপর আনোয়ার পারভেজ হলে থাকার সুযোগ না পেলেও তাকে ক্যাম্পাসে চলাফেরা, আড্ডা দেওয়াসহ আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দেখা যেত।

একাডেমিক শাখা ও বিভাগ সূত্রে জানা যায়, আনোয়ার পারভেজ পরিসংখ্যান বিভাগের স্নাতক (অনার্স) ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অনার্স শেষে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একই বিভাগে মাস্টার্সে ভর্তি হন। তবে তখন কোর্স সম্পন্ন করতে পারেননি তিনি। ফলে ৫ আগস্টের পর পারিবারিক সমস্যার কারণে কোর্স সম্পন্ন করতে পারেননি উল্লেখ করে বিভাগের সভাপতির মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পুনঃভর্তির আবেদন করেন আনোয়ার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির ১৯৩তম সভায় তাকে বিশেষ বিবেচনায় পুনঃভর্তির সুপারিশ করা হয়। পরে সেটি একাডেমিক শাখায় গেলে একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তির ধারা অনুযায়ী এমএসসি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পুনঃভর্তির সুযোগ নেই উল্লেখ করে পরবর্তী পদক্ষেপের জন্য উপাচার্য বরাবর পাঠানো হয়। এতে প্রথমে উপাচার্য পুনঃভর্তির অনুমোদন দিলেও বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স বহির্ভূত হওয়ায় পরে তা স্থগিত করে দেন।

পরবর্তীতে পারভেজসহ অন্য পাঁচ ছাত্রদল নেতার পুনঃভর্তির বিষয়টি একাডেমিক কাউন্সিলের সভায় উঠলে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য কমিটি গঠন করা হয়। পরে কমিটির পক্ষ থেকে তাদের ভর্তির জন্য সুপারিশ করা হলে সিন্ডিকেটে তা অনুমোদন হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক কালবেলাকে বলেন, ‘আবেদনের সময় আনোয়ার পারভেজ রাজনৈতিক কারণ দেখিয়েছিল। তবে প্রকৃত বিষয় যাচাই-বাছাই কমিটি বলতে পারবে। তারা আমাদের যেভাবে সুপারিশ করেছে, আমরা সে অনুযায়ী কাজ করেছি।’

যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নজিবুল হক বলেন, ‘ওই সময় আনোয়ার পারভেজের সমস্যা থাকায় সে পরীক্ষা দিতে পারেনি।’

তবে তার দীর্ঘ সময় আবাসিক হলে অবস্থান ও ক্যাম্পাসে অবাধ বিচরণের বিষয়টি তুলে ধরা হলে অধ্যাপক নজিবুল বলেন, ‘মূলত একাডেমিক কাউন্সিলের আলোকেই আমরা সুপারিশ করেছি।’

তবে আনোয়ার পারভেজকে মাস্টার্সে পুনঃভর্তির সুযোগ দেওয়ায় ক্ষুব্ধ তার নিজ সংগঠন ইবি ছাত্রদলেরই অনেকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইবি ছাত্রদলের এক নেতা কালবেলাকে বলেন, ‘আমরা আমাদের বিভাগের স্যারদের সহায়তায় ফ্যাসিবাদের আমলে শিক্ষাজীবন শেষ করেছি। ইবি ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়কও সেই সময়টাতে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। এমনকি তিনি নিয়মিত অনার্স-মাস্টার্স শেষ করে সান্ধ্যকালীন মাস্টার্সও শেষ করেছেন। বর্তমানেও তার সান্ধ্যকালীন একটি মাস্টার্স চলমান রয়েছে। সে জায়গা থেকে আমরা পারলে সে (আনোয়ার) কেন পারল না? সে মূলত কমিটিতে আসার জন্য ছাত্রত্ব টিকিয়ে রাখতেই তখন পরীক্ষায় অংশ নেয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ার পারভেজ বলেন, ‘ওই সময় আমার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ ছিল না। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন।’

এদিকে লোকপ্রশাসন বিভাগের অং খুমী নামে এক শিক্ষার্থী জানান, পার্বত্য চট্টগ্রামে বাড়ি হওয়ায় ও রাজনৈতিক অস্থিরতার কারণে তার দুবার গ্যাপ পড়েছিল। পরে তিনি পুনঃভর্তির আবেদন করলে তা নাকচ করে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো প্রতিকার পাননি। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও বেশ কয়েকজন শিক্ষার্থী যৌক্তিক সমস্যার কারণে একাডেমিক গ্যাপ যাওয়ায় পুনঃভর্তি হতে চাইলেও কর্তৃপক্ষ সুযোগ দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়গুলো মূলত একাডেমিক কাউন্সিলেই সিদ্ধান্ত হয়। তবে সাধারণ শিক্ষার্থীদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না, জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কালবেলাকে বলেন, ‘একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে আমাকে ফোন দিয়েছেন কেন?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X