

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দীর্ঘদিন ধরে চাপে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। চাল-ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, শিশুখাদ্য, স্বর্ণ, ওষুধের কাঁচামাল, ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ৬০টি পণ্যে কর ছাড়ের প্রস্তাব রাখা হচ্ছে এবারের বাজেটে। একই সঙ্গে স্বাস্থ্য, প্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও একাধিক কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট। বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এবারের বাজেটে ভোক্তা পর্যায়ে স্বস্তি দেওয়াকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাল, ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি, লবণ, মাছ, মাংস, হাঁস-মুরগি, গবাদিপশু এবং বিভিন্ন কৃষিপণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হচ্ছে। বর্তমানে এসব পণ্যের ওপর যে ১ থেকে ৫ শতাংশ পর্যন্ত উৎসে কর রয়েছে, তা কমিয়ে ০.৫ শতাংশে নামিয়ে আনা হতে পারে। পাশাপাশি বেশ কিছু পণ্যের ওপর থেকে নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহার করা হতে পারে।
কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকের ওপর বিদ্যমান সাড়ে ৭ শতাংশ ভ্যাট ও কর সুবিধাও তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের ধারণা, এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং বাজারে খাদ্যপণ্যের সরবরাহ বাড়বে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি শিশুখাদ্যের দামও কমতে পারে। শিশুখাদ্য তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে। এছাড়া সব ধরনের মসলা ও খেজুর আমদানির ওপর বিদ্যমান ৫ শতাংশ রেগুলেটরি (নিয়ন্ত্রণমূলক) শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য খাতেও আসছে বড় ধরনের কর সুবিধা। ক্যানসারসহ বিভিন্ন জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদনে ব্যবহৃত ৬৮টি কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। ক্যানসারের ওষুধ তৈরির ৯টি কাঁচামালে কর রেয়াত সুবিধাও দেওয়া হতে পারে। পাশাপাশি জীবন রক্ষাকারী হার্টের রিং বা স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা কমতে পারে।
কিডনি রোগীদের জন্যও সুখবর রয়েছে। ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা শুল্ক, ভ্যাট ও আগাম কর প্রত্যাহারের ফলে প্রতি ডায়ালাইসিসে খরচ কয়েকশ টাকা পর্যন্ত কমতে পারে।
প্রযুক্তি খাতে মোবাইল সিমের ওপর আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ফ্ল্যাশ মেমোরি ও অন্যান্য তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
দেশে ডিজিটাল লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রাখা হচ্ছে। পাশাপাশি এ খাতে বিদ্যমান আগাম করও প্রত্যাহার করা হতে পারে।
গৃহস্থালি পণ্যের ক্ষেত্রেও মিলতে পারে স্বস্তি। দেশে উৎপাদিত ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামানোর পরিকল্পনা রয়েছে। ওয়াশিং মেশিন, গিজার, ডিশওয়াশার, ব্লেন্ডার ও জুসারের মতো পণ্যের কর সুবিধার মেয়াদও বাড়তে পারে।
নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সৌরবিদ্যুৎ সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব আসছে। এছাড়া পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে ইলেকট্রিক বাস, ট্রাক এবং চার্জিং স্টেশন আমদানির ওপর উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
ইলেকট্রিক গাড়ির নিবন্ধনের ক্ষেত্রে অগ্রিম আয়করও কমানো হতে পারে। একই সঙ্গে স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে কর রেয়াত দেওয়ার প্রস্তাব রয়েছে।
স্বর্ণপ্রেমীদের জন্যও সুখবর রয়েছে। স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সরবরাহের ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হতে পারে। এছাড়া জুয়েলারি সেবার ক্ষেত্রে ভ্যাট কাঠামো পরিবর্তন করে প্রতি ভরিতে নির্দিষ্ট কর আরোপের পরিকল্পনা রয়েছে। এতে বাজারে স্বর্ণের দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রসাধনী পণ্যের ক্ষেত্রেও শুল্কায়ন মূল্য কমানোর প্রস্তাব রয়েছে। ফলে লিপস্টিক, লোশন, ফেসক্রিম ও ফেসওয়াশের মতো পণ্যের আমদানি ব্যয় কমে যেতে পারে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫টি পণ্যের ওপর অগ্রিম আয়করও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন থেকে অর্জিত আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব রাখা হচ্ছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
তবে সব খাতে স্বস্তির বার্তা থাকছে না। রাজস্ব বাড়ানোর লক্ষ্যে রড, সিগারেট ও মদের ওপর কর বৃদ্ধি এবং এর ফলে দাম বাড়ার প্রস্তাবও থাকতে পারে এবারের বাজেটে।
সংশ্লিষ্টদের মতে, করের হার বাড়ানোর পরিবর্তে করের আওতা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব সংগ্রহের কৌশল নেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে, বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা হলেও কমবে।
সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবারের বাজেটে কর ছাড় ও প্রণোদনার এই প্যাকেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছে সরকার।