

নতুন বাজেটে ব্যবসা শুরু ও পরিচালনায় সময় ও খরচ কমাতে অনলাইন প্ল্যাটফর্মে আবেদন জমা থেকে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ সাত দিনের মধ্যে সম্পন্ন করার ঘোষণা থাকছে। এই বড় ধরনের সংস্কারের মাধ্যমে আমূল পরিবর্তনের লক্ষ্যে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ায় ভোগান্তি দূর করা হবে।
এছাড়া প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা মতামত, ছাড়পত্র, অনাপত্তি বা প্রয়োজনীয় কাগজপত্র না দিলে, প্রযোজ্য ক্ষেত্রে ডিমড অ্যাপ্রুভাল বা সম্মতি রয়েছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার ঘোষণা থাকতে পারে।
কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রেও গতি আনার উদ্যোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কোম্পানি নিবন্ধন ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার ঘোষণা থাকতে পারে বাজেট প্রস্তাবে।
বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের জন্য ওয়ার্ক পারমিট সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করা হতে পারে।
বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ, পাশাপাশি দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হতে পারে। এ ছাড়া আগামী অর্থবছর নির্ধারিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে বা প্রস্তুত শিল্প-সুবিধা প্যাকেজ চালুর পরিকল্পনা রয়েছে, যাতে দ্রুত কারখানা স্থাপন ও উৎপাদন শুরু করা সম্ভব হয়।