

নতুন অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এটি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে সরকারের আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সামগ্রিক বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।
এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ৮ হাজার ৫০০ কোটি টাকা এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য রয়েছে।
বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ১ লাখ ১৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়। সে হিসাবে নতুন বাজেটে গত বছরের মূল লক্ষ্যমাত্রার তুলনায় ৮ হাজার কোটি টাকা বেশি, তবে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৬ হাজার কোটি টাকা কম ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
অন্যদিকে, বৈদেশিক উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা জিডিপির ২ দশমিক ২৮ শতাংশ। বিদায়ী অর্থবছরের মূল বাজেটে বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, যদিও সংশোধিত বাজেটে তা কমিয়ে ৯৫ হাজার কোটি টাকা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার ২৩ কোটি টাকা ঋণ নিয়েছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক থেকে সরকারের মোট ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১ লাখ ১৪ হাজার ১৬১ কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণপ্রবাহে চাপ সৃষ্টি করতে পারে। এতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি কমে যায়, যা বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ দশমিক ৭২ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, সুদহার সমন্বয় করলে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি আরও দুর্বল, এমনকি ঋণাত্মকও হতে পারে।