

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সম্পৃক্ত না থাকার অভিযোগে ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) রাতে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না থাকায় ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র অনুযায়ী ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রিপন)-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে মোরাদ তালুকদার দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। এতে ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির কার্যক্রম ব্যাহত হচ্ছিল। তাই সাংগঠনিক স্বার্থে গঠনতন্ত্র অনুযায়ী তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে রফিকুল ইসলাম রিপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।’