

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসান রানার ওপর হামলার ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুলকে দেখতে গিয়ে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ছিনতাইকারীমুক্ত না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলবে। থানা পুলিশসহ সব সংস্থাকে এ জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে নেওয়া হয়েছে। সাংবাদিক রাকিবুল হাসানকে কুপিয়ে আহত করার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামি নজরদারিতে আছে। তাকেও যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।
খন্দকার গোলাম ফারুক বলেন, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন পাঠাও চালক ও আরেকজন ইলেকট্রিশিয়ান। তারা নিজেদের পেশার পাশাপাশি ছিনতাইয়ে জড়িত।
চিকিৎসাধীন রাকিবুল হাসানের বিষয়ে জানা গেছে, তার মাথার দুই জায়গায় ইনজুরি, দুই হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। চিকিৎসকরা তাকে পর্যায়ক্রমে তাকে চিকিৎসা দিচ্ছেন।
পঙ্গু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আগামীকাল বুধবার (৫ জুলাই) রাকিবুলের দ্বিতীয় ধাপের অপারেশন হবে। তার সেরে ওঠা শতভাগ না হলেও শতভাগের যত কাছাকাছি যাওয়া সম্ভব হয়, তারা সেই চেষ্টাই করছেন।