ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খোলা তালাকের পর অন্যত্র বিয়ে ছাড়া কি পূর্বের স্বামীকে বিয়ে করা জায়েজ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মর্যাদাপূর্ণ। তবে দাম্পত্য জীবনে কখনো এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন স্ত্রী স্বামীর সাথে থাকতে না চাইলে নির্দিষ্ট বিধান অনুসারে বিবাহবিচ্ছেদের পথ খোলা থাকে। এ ধরনের বিচ্ছেদকে শরিয়তের পরিভাষায় বলা হয় ‘খোলা’ বা খোলা তালাক। তবে খোলার কারণ, শর্ত, বৈধতা ও পরবর্তী করণীয় সম্পর্কে মুসলিম সমাজে নানা ভুল ধারণা প্রচলিত। বিশেষ করে কিছু কিছু মানুষ মনে করে থাকেন যে, খোলা তালাকের পর স্ত্রী অন্যকোনো পুরুষের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে সেখান থেকে তালাকপ্রাপ্ত হওয়া ছাড়া খোলা প্রদানকারী স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।

এ বিষয়ে শরিয়তের ভাষ্য জানতে রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, মিরপুর (১২)- এর ফতোয়া বিভাগের সঙ্গে আলাপ করেছে কালবেলা।

বিভাগটির প্রধান মুফতি আব্দুর রহমান হোসাইনী বলেন, ‘খোলা তালাকের পর স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে সেখান থেকে তালাকপ্রাপ্ত হওয়া ছাড়া খোলা প্রদানকারী স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না’—এই ধারণা সঠিক নয়।

বরং এ বিষয়ে ইসলামের বিধান হলো, খোলার মাধ্যমে ১ বা ২ তালাক কার্যকর হওয়ার পর এই নারী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়াই খোলা প্রদানকারী স্বামীর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। খোলা তালাক প্রদানকারী স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো দরকার নেই। তবে কখনো ৩ তালাক কার্যকর হয়ে গেলে তখন আর এই সুযোগ বহাল থাকবে না।

খোলা তালাকের বিনিময় নেওয়া

১. মুফতি আব্দুর রহমান হোসাইনী জানান, সব ইসলামি আইন বিশেষজ্ঞ একমত যে, যদি স্বামীর দোষ-ত্রুটি বা অত্যাচারের কারণে স্ত্রী খোলা করতে বাধ্য হয়, তাহলে এই অবস্থায় স্বামীর জন্য বিনিময় নেওয়া নাজায়েজ। যদি এই অবস্থায় স্বামী বিনিময় গ্রহণ করে, তাহলে সে গোনাহগার হবে।

২. অত্যাচার ও বাড়াবাড়ি যদি স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে এবং সে নিজে বিবাহ বিচ্ছেদ করতে চায়, তাহলে এমতাবস্থায় স্বামীর জন্য বিনিময় নেওয়া বৈধ। তবে এই অবস্থায়ও উত্তম হলো, মোহরের পরিমাণ থেকে বেশি বিনিময় গ্রহণ না করা। হ্যাঁ যদি তারা পরস্পরের সম্মতিতে মোহরের পরিমাণ থেকে বেশি বিনিময় নির্ধারণ করে, তাহলেও খোলা শুদ্ধ হবে এবং স্ত্রী পূর্ণ বিনিময় প্রদান করতে হবে।

খোলা তালাকের মাধ্যমে কয় তালাক কার্যকর হয়?

আব্দুর রহমান হোসাইনী বলেন, খোলা তালাকের মাধ্যমে স্ত্রীর ওপর ১ তালাকে বায়েন কার্যকর হবে। হাদিসে এসেছে, হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাকে ১ তালাকে বায়েন সাব্যস্ত করেছেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবাহ : ১৮৪৪৮)

এজন্য যদি একবার খোলা তালাক দেওয়া হয়, তাহলে স্ত্রীর ওপর ১ তালাকে বায়েন কার্যকর হবে। ১ তালাকে বায়েন কার্যকর হওয়ার পর স্বামী যদি উক্ত স্ত্রীর সাথে পুনরায় ঘর-সংসার করতে চায়, তাহলে এর একমাত্র পদ্ধতি হলো, স্ত্রীর সম্মতিতে মোহর ধার্য করে দুজন সাক্ষীর উপস্থিতিতে পুনরায় নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া পুনরায় ঘর-সংসার করার কোনো সুযোগ নেই।

যদি পুনরায় নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে স্বামী কেবল ২ তালাকের মালিক থাকবে। কারণ ১ তালাক ইতোপূর্বে কার্যকর হয়ে গেছে।

খোলার পর পূর্বের স্বামীকে ফের বিয়ের ক্ষেত্রে নারীর ইদ্দত পালন জরুরি?

খোলার মাধ্যমে ১ বা ২ তালাক তালাক কার্যকর হওয়ার পর যদি স্বামী-স্ত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে এক্ষেত্রে স্ত্রীর ইদ্দত পালন করা লাগবে না, বরং ইদ্দত চলাকালীন খোলা প্রদানকারী স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এবং ইদ্দতের পরও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।

খোলা তালাক পরবর্তী অন্যত্র বিয়ে

খোলার মাধ্যমে তালাক কার্যকর হওয়ার পর এই নারী যদি খোলা প্রদানকারী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে এক্ষেত্রে সাধারণ তালাক পরবর্তী ইদ্দত পালনের মতো খোলা তালাকের পরও ইদ্দত পালন করা আবশ্যক।

ইদ্দত পরিচিতি

ইসলামি এই স্কলালের ভাষ্যে, মহিলা যদি ঋতুমতি হয় তাহলে তার ইদ্দত ৩ ঋতুস্রাব। যদি ঋতুমতি না হয়, তাহলে ইদ্দত হলো ৩ মাস। আর মহিলা যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে ইদ্দত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত।

মহান আল্লাহ বলেন, যে নারীদের তালাক দেওয়া হয়েছে, তারা ৩ বার ঋতুস্রাব আসা পর্যন্ত নিজেদের প্রতিক্ষায় রাখবে (তথা তিন ঋতুস্রাব আসা পর্যন্ত ইদ্দত পালন করবে)। (সুরা বাকারা : ২২৮)

অন্য আয়াতে এসেছে, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের ঋতু আসার কোনো আশা নেই, তোমাদের যদি (তাদের ইদ্দত সম্পর্কে) সন্দেহ হয়, তবে (জেনে রাখো) তাদের ইদ্দত হলো ৩ মাস। আর এখন পর্যন্ত যারা ঋতুমতিই হয়নি, তাদেরও (ইদ্দত এটাই)। যারা গর্ভবতী, তাদের (ইদ্দতের) মেয়াদ হলো, তাদের সন্তান প্রসব। (সুরা আত তালাক : ৪)

উল্লেখ্য, বিবাহের পর যদি স্ত্রীর সাথে সহবাস না হয় এবং নির্জনবাসও (খালওয়াত) না হয়, আর এই অবস্থায় খোলা তালাক দেওয়া হয়, তাহলে ইদ্দত পালন করা লাগবে না।

মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! তোমরা মুমিন নারীদের বিবাহ করার পর তাদের স্পর্শ করার আগেই তালাক দিলে তোমাদের জন্য তাদের ওপর কোনো ইদ্দত ওয়াজিব নয়, যা তোমাদের গণনা করতে হবে। (সুরা আহজাব : ৪৯)

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X