

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দেশ। মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলগুলোর নতুন জার্সি। হোম ও অ্যাওয়ে দুই ধরনের জার্সির নকশা, রং ও সাংস্কৃতিক উপস্থাপনা বিবেচনায় বিশ্বের বিভিন্ন গণমাধ্যম র্যাঙ্কিং প্রকাশ করেছে।
মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে ক্রীড়া সাংবাদিক মাইকেল দুয়ার্তের প্রকাশিত এক র্যাংকিং-এ ২০২৬ বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষ স্থান পেয়েছে ফ্রান্স। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এই র্যাংকিং-এ শুধু একটি জার্সি নয়, বরং প্রতিটি দলের হোম, অ্যাওয়ে এবংন তৃতীয় জার্সিও বিবেচনায় নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠাতব্য বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জার্সি পর্যালোচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে।
১০. মরক্কো
মরক্কো তাদের ঐতিহ্যবাহী পরিচয় অক্ষুণ্ন রেখেই জার্সিতে দেশটির শিল্প ও কারুশিল্পের ছাপ তুলে ধরেছে। বিশেষ করে অ্যাওয়ে জার্সিতে জ্যামিতিক নকশা ব্যবহার করা হয়েছে, যা দেশটির ঐতিহাসিক কারুশিল্প থেকে অনুপ্রাণিত।
৯. স্পেন
স্পেনের হোম জার্সিতে ঐতিহ্যবাহী লালের সঙ্গেট নীলের সমন্বয় করা হয়েছে। তবে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে তাদের ক্রিম রঙের অ্যাওয়ে জার্সি, যেখানে মেরুন ও সোনালি রঙের ব্যবহার রাজকীয় আবহ তৈরি করেছে।
৮. দক্ষিণ কোরিয়া
রঙ ও ব্যক্তিত্বের দারুণ সমন্বয় দেখা গেছে দক্ষিণ কোরিয়ার জার্সিতে। ফুলেল নকশার বেগুনি অ্যাওয়ে জার্সিটি আধুনিক ও প্রাণবন্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
৭. জাপান
জাপানের হোম জার্সিতে ঐতিহ্যবাহী ‘সামুরাই ব্লু’ রঙের সঙ্গে সূক্ষ্ম নকশা যোগ করা হয়েছে। অন্যদিকে বেসবল ইউনিফর্ম থেকে অনুপ্রাণিত অফ-হোয়াইট অ্যাওয়ে জার্সি টুর্নামেন্টের সবচেয়ে ব্যতিক্রমী ডিজাইনগুলোর একটি।
৬. মেক্সিকো
মেক্সিকো তিনটি জার্সি নিয়ে আলোচনায় এসেছে। হোম জার্সিতে দেশটির সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্যের ছাপ রয়েছে। অ্যাওয়ে জার্সি তুলনামূলক সাদামাটা হলেও তৃতীয় কালো জার্সিটি তাদের জার্সিকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে।
৫. ব্রাজিল
ব্রাজিলের বিখ্যাত হলুদ হোম জার্সি বরাবরের মতোই নজরকাড়া। পাশাপাশি অ্যামাজন রেইনফরেস্ট থেকে অনুপ্রাণিত নীল-কালো অ্যাওয়ে জার্সিও প্রশংসা কুড়িয়েছে।
৪. যুক্তরাষ্ট্র
১৯৯৪ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা দেখা গেছে যুক্তরাষ্ট্রের হোম জার্সিতে। লাল-সাদা ঢেউ খেলানো নকশা এতে ভিন্ন মাত্রা যোগ করেছে। অ্যাওয়ে জার্সিতে তারকা চিহ্নের ব্যবহার দেশটির জাতীয় পরিচয়কে তুলে ধরেছে।
৩. আর্জেন্টিনা
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি আগের মতোই আকর্ষণীয়। তবে এবারের আসরের বুয়েনস আইরেসের শিল্প-সংস্কৃতি থেকে অনুপ্রাণিত কালো অ্যাওয়ে জার্সিটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
২. উরুগুয়ে
উরুগুয়ের হালকা নীল হোম জার্সিতে ঐতিহ্য ও আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়। অ্যাওয়ে জার্সিতে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসকে আধুনিক নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
১. ফ্রান্স
তালিকার শীর্ষে রয়েছে ফ্রান্স। নীলের বিভিন্ন শেড, ক্লাসিক সাদা কলার এবং সূক্ষ্ম নকশার সমন্বয়ে তৈরি হোম জার্সি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি অ্যাওয়ে জার্সিটিও সমানভাবে আকর্ষণীয়। মূল্যায়নে বলা হয়েছে, নান্দনিকতা, সাংস্কৃতিক উপস্থাপনা এবং স্বাতন্ত্র্যের বিচারে ফ্রান্সের জার্সি সংগ্রহই এবারের বিশ্বকাপের সেরা।