

মাদারীপুরের রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত এবং একাধিক মামলার আসামি মাজহারুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১০ জুন) তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেপ্তার মাজহারুল শেখ (৩৫) রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা নজরুল শেখের ছেলে।
পুলিশ জানায়, রাজৈর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, হামলা ও ভাঙচুরসহ একাধিক অভিযোগে দায়ের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তিনি।
রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাজহারুল শেখ দীর্ঘদিন ধরে ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনের আওতায় এনে মাজহারুল শেখকে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।