

শপিংমল থেকে এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার এই ঘটনায় ভারতের পূর্ব মেদিনীপুরের এগরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তার মৃত্যু রহস্যজনক।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মৃতের নাম তাপস সাউ। বয়স ২২ বছর। মোহনপুর ব্লকের লালবাজার পলাশীয়া এলাকার বাসিন্দা এগরা শহরের একটি শপিংমলে চাকরি করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল থেকে শপিংমলে বিক্রি শুরু হয়। এ দিন ক্রেতাদের ভিড়ও ছিল। হঠাৎ সহকর্মীরা তাপসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন তাপস। আত্মহত্যার নেপথ্যে অন্য কারণ কিংবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কি না, তা তদন্তসাপেক্ষ। ইতোমধ্যে মৃতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কথা বলা হয়েছে যুবকের পরিবারের সঙ্গে। কিন্তু জনবহুল এলাকায় শপিংমলের মধ্যে কীভাবে একজন আত্মহত্যা করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।