

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জানিয়েছেন, ২০০৯ সালের আলোচিত সিনেমা ‘থ্রি ইডিয়টস’ লাদাখের শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর বানানো হয়নি।
একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আমির খান বলেন, সিনেমাটি বানানোর সময় তিনি বা ছবির লেখকেরা কেউই সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। খবর এনডিটিভির।
তবে ওয়াংচুকের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে অনির্দিষ্টকালের অনশনে থাকা ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘থ্রি ইডিয়টস’ প্রদর্শনের পর প্রশ্নোত্তর পর্বে আমির খান বলেন, ‘একটি ভুল ধারণা রয়েছে যে, থ্রি ইডিয়টস সোনম ওয়াংচুকের জীবন থেকে নেওয়া। এটি সত্য নয়। সিনেমাটির চিত্রনাট্য লেখার সময় আমরা সোনম ওয়াংচুক সম্পর্কে কিছুই জানতাম না এবং ব্যক্তিগতভাবেও আমি তাকে চিনতাম না।’
তিনি আরও বলেন, ‘তবে সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা সম্পূর্ণ সঠিক। তিনি অনশনে রয়েছেন। অনেকেই মনে করছেন, তার এখন অনশন শেষ করা উচিত, কারণ তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।’
সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’ সিনেমার আরেক অভিনেতা ওমি বৈদ্য একটি ভিডিও প্রকাশ করে ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানান। চতুর রামালিঙ্গাম চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য দাবি করেন, ফুংসুক ওয়াংরু চরিত্রটি সোনম ওয়াংচুকের ওপর ভিত্তি করে তৈরি।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আমির খানের কাছে এ বিষয়ে মন্তব্যের দাবি ওঠে। ওমি বৈদ্যের বক্তব্যের বিষয়ে আমির খান বলেন, ‘চতুর (ওমি বৈদ্য) ভিডিওতে যা বলেছে, তা সঠিক নয়।’
আমির আরও বলেন, সোনম ওয়াংচুকের কাজের গুরুত্ব আলাদা। তাকে সম্মান করার জন্য তার কাজকে ‘থ্রি ইডিয়টস’ এর কোনো চরিত্রের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন নেই।
এদিকে সোনম ওয়াংচুক বর্তমানে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন। ভারতের শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তিনি এই কর্মসূচি শুরু করেছেন।
ওয়াংচুকের অনশন দুই সপ্তাহ পার করেছে। তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিকিৎসক ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে, অনশনের কারণে তার ওজন ৮ থেকে ৯ কেজি কমে গেছে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
আমির খান সিনেমার ইতিহাস নিয়ে ভুল ধারণা দূর করার পাশাপাশি ওয়াংচুককে নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন শেষ করার আহ্বান জানিয়েছেন।