

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান পরিচালনা করছে এবং তাদের ভূখণ্ড দখলের নীতি বাস্তবায়ন করছে। এ ধরনের কাজ বন্ধে দ্রুত বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার প্রকাশিত ১৪৯ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি দাবি করে, পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ কোনো বিচ্ছিন্ন বসতি স্থাপনকারীর সহিংস কর্মকাণ্ডের ফল নয়; বরং এটি রাষ্ট্রীয়ভাবে পরিচালিত একটি সুসংগঠিত নীতির অংশ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গত সাড়ে তিন বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতিগত নির্মূল অভিযান জোরদার করেছে। এর ফলে বহু ফিলিস্তিনি সম্প্রদায় উচ্ছেদ, ভূমিহীন এবং জোরপূর্বক স্থানান্তরের শিকার হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বসতি ও জীবিকা ধ্বংসের মাধ্যমে তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাব অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
অ্যামনেস্টি বলেছে, ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষা এবং জোরপূর্বক উচ্ছেদ বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা জরুরি।