কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

সূর্যসন্তানদের শ্রদ্ধায় স্মরণ সহিংসতামুক্ত দেশের শপথ

শহীদ বুদ্ধিজীবী দিবস
সূর্যসন্তানদের শ্রদ্ধায় স্মরণ সহিংসতামুক্ত দেশের শপথ

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল জাতি। আরেকটি জাতীয় সংসদ নির্বাচন যখন সমাগত, তার প্রায় ৩ সপ্তাহ আগে গতকাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মানুষ আবারও শপথ নিল সাম্প্রদায়িকতা, সহিংসতা ও পাকিস্তানি পশ্চাৎমুখী ভাবধারার রাজনীতি থেকে মাতৃভূমিকে রক্ষার। উদার, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর একটি দেশের লালিত স্বপ্নই এদিন ধ্বনিত হয় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সমবেত হাজারো কণ্ঠে।

গতকাল সূর্যোদয়ের পর পরই বুদ্ধিজীবী স্মৃতিসৌধগুলোতে ঢল নামে সাধারণ মানুষের। ফুলেল শ্রদ্ধা নিবেদন করে রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের হাজার হাজার সাধারণ মানুষ। ১৯৭১ সালে চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় রাজাকার, আলবদর ও আলশামসদের সহায়তায় বাঙালির সূর্যসন্তানদের নৃশংসভাবে হত্যা করে বধ্যভূমিগুলোতে ফেলে রেখেছিল।

দিবসটি উপলক্ষে গতকাল ভোর থেকেই কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, শোক র‌্যালি, শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্য রক্তদান ও চিকিৎসা, সাধারণ জ্ঞান ও হাতের লেখা প্রতিযোগিতা, মিলাদ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির শুরুতেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের সম্মানে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন। এরপর তিনি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে গিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্র ও সরকারপ্রধানের পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে একে একে শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শহীদ পরিবারের সন্তান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

এ ছাড়া রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকার দুই সিটি করপোরেশন, আইসিটি ডিভিশন, বিটিআরসি, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি, মৎস্যজীবী দল, তাঁতী দল, ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন শ্রদ্ধা জানায়। এদিন ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় অফিসগুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।

দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের হত্যার সেই বীভৎসতা গণহত্যার প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরেছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। এর আগে বুধবার রাত ১২টা ১ মিনিটে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১০

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১১

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১২

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৪

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৫

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৬

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৭

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৮

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৯

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X