

জামালপুরের ইসলামপুর উপজেলায় জামায়াতে ইসলামীর ১৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা কুলকান্দি ইউনিয়নের খাঁনবাড়ী এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপি নেতা শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তারা। এ সময় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান করা কয়েকজন হলেন— কুলকান্দি ইউনিয়নের জিগাতলা ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এরশাদ খন্দকার, সেক্রেটারি নাছিম উদ্দিন, সহসভাপতি সোনাহার খন্দকারসহ ১৫ নেতাকর্মী।
যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।
কুলকান্দী ইউনিয়নের জামায়াতের সভাপতি মো. আব্দুল মালেক কালবেলাকে বলেন, কুলকান্দী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে এরশাদ খন্দকারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছিল, তারা কোনো কাজ করে না। জামায়াতে কোনো ধরনের সুযোগ নেই, তাই তারা অন্য দলে যোগদান করেছে, আমাদের বলার কিছু নেই।
শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, আজ আমাদের মনটা ভালো না। বিএনপি চেয়ারপারসন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, বারবার মৃত্যুর দুয়ার থেকে আল্লাহ তায়ালা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ, বেলগাছা ইউনিয়নের সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, মিল্টন ও শামিম।