

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, একটা গুপ্ত দল আছে। এরা ৪৭ এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, ৭১ এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এই মুহূর্তেও তারা বাংলাদেশের বিরুদ্ধে। এরা কখনও আমেরিকার, কখনও ভারতের আবার কখনও পাকিস্তানের। আর জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু বাংলাদেশের।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
ফজলে হুদা বাবুল বলেন, ওই যে একটা গুপ্ত দল আছে না, গুপ্ত। ওদের দলের নামই গুপ্ত দল। এরা যে কোনো দেশের লোক ওরা নিজেরাই জানে না। এরা কখনও বাংলাদেশ আগে লাগায়, আবার কখনও পিছে লাগায়। কাজেই সাবধান থাকবেন ওদের থেকে। ওরা নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্ত করতে পারে। তাই পোলিং এজেন্ট নারী দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেককে চেক করবেন।
তিনি বলেন, এই দেশের মুক্তিযোদ্ধাদের আমরা সন্মান করি। তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, তাদেরও আমরা সন্মান করি। কাজেই এই দেশটাকে আমরা নষ্ট হতে দেব না।
ফজলে হুদা বলেন, ম্যাডাম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন, সেই গণতন্ত্রের সর্বশেষ ধাপ এই জাতীয় নির্বাচন। সাধারণ জনগণের ভোটের অধিকারের নির্বাচন।
তিনি বলেন, আমি আপনাদের এলকার সন্তান, এলাকায় বড় হয়েছি, রাজনীতি করেছি এই এলাকায়। দীর্ঘ ১৭ বছরে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া ভুল করেছেন, শহীদ জিয়া ভুল করেছেন, তারেক জিয়া ভুল করেছেন এমনটা হতে পারে না। কিন্তু আমি আপনাদের সন্তান। আমার ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে কাজ করার সুযোগ দেবেন।
উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশে তিনি বলেন, এই বদলগাছীতে মাদক থাকবে না, এই আসনে কোনো দুর্নীতি থাকবে না, কোনো দলবাজী থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না। এখানে প্রতিটি মানুষ নিরাপদে থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান দেখব না। এই আসনের প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখা হবে। আর এটাই হলো আমার অঙ্গীকার। এ ছাড়া যারা শিক্ষিত হবে তাদেরকে পর্যায়ক্রমে চাকরি দেওয়া হবে। কৃষকদের করা হবে সর্ব্বোচ্চ মূল্যায়ন।
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক একেএম রওশন-উল ইসলামসহ প্রমুখ।
বদলগাছী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আখতার চৌধুরী।
প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, আপনারা তাকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, বদলগাছী মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন। আপনারা গত ১৭ বছর যে কষ্ট করেছেন আজ সেই কষ্ট লাঘবের দিন এসেছে।
মন্তব্য করুন