

নির্বাচনের প্রচার প্রচারণার সময়সীমা শেষ হয়েছে মঙ্গলবার সকাল ৭টায়। তারপরেও অর্ধ শতাধিক নারী নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দের আব্দুল মমিন। এ অভিযোগে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার প্রচারণার শেষ সময় ছিল মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর তিনি প্রায় অর্ধ শতাধিক নারীকে সঙ্গে নিয়ে প্রচারণায় নামেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ। আব্দুল মমিন নামের এক বিএনপি নেতা কয়েকজন নারীকে নিয়ে মাঠে নামিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭ (গ) অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।