

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের লর্ড এলাহাবাদ পুঁটিছড়ি স্কুলভিটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বান্দরবান সদর উপজেলার কোয়ালং ইউনিয়নের সেমি ডলুপাড়ার অংপই মার্মার ছেলে বাবু মার্মা (২৬) এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঁটিছড়ি এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে জালাল উদ্দিন (১৯)।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম কাঞ্চনাবাদ ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪১ নম্বর লর্ড এলাহাবাদ পুঁটিছড়ি স্কুলভিটার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।