

কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলা কৃষি অফিসের অভিযানে রিসা বীজ ভান্ডার থেকে অনুমোদনহীন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির বালাইনাশকসহ মোট ৬২৬টি পণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এসব কীটনাশক পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ৭৪টি পণ্য বাজারে সরবরাহ করা হলেও মাত্র ৮টি পণ্যের সরকারি অনুমোদন রয়েছে।
ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে কোম্পানির এসব পণ্য সংগ্রহ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
তিনি জানান, কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে কোম্পানির প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে আশানুরূপ উৎপাদন ব্যাহত হয়, এমনকি অনেক ক্ষেত্রে ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী,রাজারহাট থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।