

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পর্শে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন- উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পুটু মিয়া নামে এক ব্যক্তি পানি পান করার উদ্দেশ্যে আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। ঘরের ওই তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল। সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।