

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ (১৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে। বর্তমানে তারা রাজশাহী নগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেইট মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার সকালে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকায় একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ওঠে সাজ্জাদ। এসময় ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করলে বিদ্যুতের তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে তারা ঘটনাটি সম্পর্কে খবর পায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায়। বৈদ্যুতিক খুঁটি থেকে কিশোরটিকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।