

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রদলের কোনো নেতাকর্মী এবং সমর্থকদের দ্বারা গেস্টরুম গণরুমের কালচারের কোন সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।
মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের উপর ছাত্রশিবির কর্তৃক হামলার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় তিনি এসব কথা বলেন।
ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, শিবির সবসময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তীকালীন সরকার না , এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। আমরা যদি কোন ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ আরও অনেকে ।
বিক্ষোভ মিছিল পরবর্তী বক্তৃতার সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
উল্লেখ্য, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে।