

রাজধানীর হাতিরঝিল থানাধীন একরামুননেছা স্কুলের গেটে রয়েল ডেইরি ফার্ম মিষ্টির দোকানের সামনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ (কাইল্যা পলাশ নামে পরিচিত) গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পলাশকে গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় একাধিক দুর্বৃত্ত পলাশকে লক্ষ্য করে গুলি চালায়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ পলাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, কারা তাকে গুলি করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।