

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন নারীসহ আরও চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বুধবার (১৪ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোহাগি ইউনিয়নের বৃ- কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জহুরা খাতুন ওই গ্রামের মোস্তফার স্ত্রী। অপর আহতরা হলেন একই গ্রামের নাজমা আক্তার (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।
স্থানীয়রা জানান, সকালে নিহত জহুরা ও আহত তিন নারী একসঙ্গে রান্না করছিলেন। এ সময় রফিকুল ইসলাম বসতঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘বজ্রপাতে জহুরা খাতুন নামের একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’