

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জসিম উদ্দিন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টেংরাখালি মাঠ এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে টেংরাখালির মাঠে একটি ভুট্টা ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, মরদেহটির গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।