

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আশুগঞ্জ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক মো. নাসির মিয়াকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নাসির মিয়া আশুগঞ্জ উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, নাসির মিয়া নামের ওই সমর্থক রাতের আঁধারে অবৈধভাবে উপজেলার সোহাগপুর এলাকার আছিয়া সাফি উদ্দিন ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ভোটকেন্দ্রে অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের দায়ে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।