

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি নোটিশ প্রত্যাহার ও ছয় দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে চমেকের প্রধান ফটকের মুখে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬ এই কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যে নোটিশ জারি করা হয়েছে তা চিকিৎসকদের স্বার্থবিরোধী। পেশাগত দায়িত্ব পালনে চিকিৎসকদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মন্ত্রণালয়ের নোটিশটি প্রত্যাহার ও ছয় দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হয় তাহলে আগামী শনিবার (৬ জুন) থেকে আরও কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, দাবি আদায়ে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অ্যাকাডেমিক শাটডাউনের মত কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।
দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আগামী শুক্রবার রাত পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।