

বিশ্বকাপ ফুটবল ঘিরে চট্টগ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গণমাধ্যমকর্মীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) রাত ১২টার দিকে নগরীর ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে অনুষ্ঠিত এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল দল।
চট্টগ্রামে কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতিম্যাচে অংশ নেন।
ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা দল বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। একের পর এক আক্রমণ চালিয়ে তারা ব্রাজিলের গোলবারে অন্তত আটটি সরাসরি শট নিলেও গোল করতে ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় ব্রাজিল। এই গোলের পর আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতে পারেনি। খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আরও একটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে ব্রাজিল দল।
এর আগে ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জগলুল হোসেন নয়ন। খেলা শুরুর আগে ও শেষে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে করমর্দন করেন এবং নিজ নিজ দলের বিশ্বকাপ জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
ম্যাচ-পরবর্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানে জগলুল হোসেন নয়ন বলেন, ‘পেশাগত ব্যস্ততার কারণে গণমাধ্যমকর্মীরা খেলাধুলার মতো চিত্তবিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ খুব কম পান। বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বড় উৎসব। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই প্রীতিম্যাচ সহকর্মীদের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা দুই দলের খেলোয়াড় ও প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।