

ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। প্রিয় দলকে সমর্থন জানাতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেছেন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার। অন্যদিকে সৌহার্দ্যের বার্তা দিতে আর্জেন্টিনা সমর্থকদের খেজুর ও থ্রি-পিস বিতরণ করেছেন ব্রাজিল সমর্থকরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সপ্তাহব্যাপী নানা আয়োজনের সমাপনী দিনে রাঙামাটি শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় আকাশি-সাদা বেলুন উড়িয়ে, আর্জেন্টিনার জার্সি ও পতাকা নিয়ে নানাভাবে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন সমর্থকরা।
শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে তবলছড়ি হয়ে শহরের আসামবস্তী এলাকার ‘আর্জেন্টিনা ব্রিজ’ হিসেবে পরিচিত সেতুতে পৌঁছে। সেখানে সমর্থকরা নাচ-গান ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পরে শোভাযাত্রা বনরূপা প্রধান সড়ক হয়ে দোয়েল চত্বরে এলে ভিন্ন এক দৃশ্যের অবতারণা হয়।
দোয়েল চত্বরে আর্জেন্টিনা সমর্থকদের সৌদি আরবের খেজুর ও থ্রি-পিস দিয়ে শুভেচ্ছা জানান ব্রাজিল সমর্থকরা। এ সময় দুই দলের সমর্থকদের উপস্থিতিতে চত্বরটি পরিণত হয় এক মিলনমেলায়। প্রতিদ্বন্দ্বিতার বাইরে ফুটবলপ্রেমীদের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন স্থানীয়দের নজর কাড়ে।
শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনা দলের হাজারো সমর্থক। কেউ প্রিয় দলের পতাকা হাতে ছবি তোলেন, আবার কেউ নাচ-গানে ও ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মেতে ওঠেন। পরে শোভাযাত্রাটি রিজার্ভ বাজারের পুরানপাড়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক পুলক শীল বলেন, “প্রিয় দলকে শুভকামনা জানাতে আমরা মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছি। চার বছর পরপর বিশ্বকাপ এলে ফুটবলপ্রেমীরা নতুন করে উৎসবে মেতে ওঠে। এবারও আমরা আশাবাদী, আর্জেন্টিনা শিরোপা জিতবে।”
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে রাঙামাটি শহরের বিভিন্ন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উড়তে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। প্রিয় দলের জার্সি, ব্যানার ও পতাকায় ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরো শহর।