

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে অস্ট্রেলিয়া। এরপরই বৃষ্টিতে খেলা বন্ধ হয়। এখন ম্যাচ চলছে কার্টেল ওভারে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। ৫টা ১৫ মিনিটে ফের শুরু হচ্ছে খেলা।
ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে বোর্ডে রান তোলার আগেই হারিয়ে ফেলে ৩ উইকেট। ১ উইকেট নেন তাসকিন আহমেদ, দুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। মাঝে জশ ইংলিস কিছুটা লড়াই চালিয়ে করেছেন ৩৮ বলে ৩৪ রান। শেষ দিকে জুটি বাঁধেন মারনাস লাবুশেন এবং জাভিয়ের বার্টলেট। তাদের জুটিতে এসেছে ১০৩ রান। তাতে কিছুটা দিশা ফিরে পায় অজিরা। তবে ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরে গেছেন বার্টলেট। লাবুশেন ফিফটি পেয়ে অপরাজিত ছিলেন। ৪২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রানে থেমেছে অজিরা। বৃষ্টির দাপটে এরপর খেলা বন্ধ হয়। আর ব্যাটিংয়ে নামা হয়নি অস্ট্রেলিয়ার, সেখানেই শেষ তাদের ইনিংস।
বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এছাড়া ২ উইকেট নেন তানভীর ইসলাম।
ম্যাচ হবে কার্টেল ওভারে। ৩টা ৩৪ মিনিটের পর থেকেই কাটা হয়েছে ওভার। বাংলাদেশের লক্ষ্য ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান। ৫টা ১৫ মিনিটে আবার শুরু হচ্ছে খেলা।
কার্টেল ওভারে প্লেয়িং কন্ডিশনেও এসেছে বদল। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন, বাকি ৪ জন করবেন ৮ ওভার করে। এছাড়া ১-৮ ওভারে প্রথম পাওয়ারপ্লে, ৯-২৫ ওভারে দ্বিতীয় পাওয়ারপ্লে এবং ২৬-৪১ ওভার পর্যন্ত চলবে তৃতীয় পাওয়ারপ্লে। এই প্রতিবেদন লেখার সময় ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।