

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে বালা নন্দ শর্মা দুই মন্ত্রীকে অভিনন্দন জানান।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক পর্যালোচনা করেন। যা সম্পর্ক ভালো প্রতিবেশীত্ব, যৌথ আকাঙ্ক্ষা এবং গভীর সাংস্কৃতিক সংযোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক অংশীদারিত্বের ওপর জোর দেওয়া হয়। বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং পর্যটন খাতে উল্লেখযোগ্য অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরা হয়। উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যাতে দুই দেশ ও জনগণের স্বার্থ এগিয়ে নেওয়া যায়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মহাপরিচালক ইসরাত জাহান বৈঠকে উপস্থিত ছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শর্মার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভণ্ডারী, যুগ্ম সচিব গহেন্দ্র রাজভণ্ডারী, উপপ্রধান দূত ললিতা সিলওয়াল এবং আন্ডার সেক্রেটারি মধুসূদন ভট্টরাই।
এই বৈঠক নেপাল-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।