

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে রাজধানীর রমনার অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রতিষ্ঠার ৪২ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতায় আসার আগেই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে সরকার। অন্যতম সমস্যাগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের তৈরি করে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি।
এছাড়া দেশের নাগরিকদের উদ্যোক্তা মনোভাব কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর বিমা কার্যক্রম এবং দেশের এ খাতের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।