

মার্কিন হামলার মধ্যেই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন।
অনেককে ইরানের জাতীয় পতাকা হাতে দেখা গেছে। আবার কিছু মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বানসংবলিত প্ল্যাকার্ডও বহন করছিলেন।
এদিকে আলি খামেনির দাফন অনুষ্ঠিত হওয়ার কথা যে শহরে, সেই মাশহাদেই যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি জানিয়েছে, মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুটি সেতু ধ্বংস হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গত ফেব্রুয়ারিতে আলি খামেনি নিহত হন। আজ দাফনের মধ্য দিয়ে টানা ছয় দিন ধরে চলা শোক অনুষ্ঠান শেষ হচ্ছে।
সূত্র : বিবিসি