

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এক বিশাল ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যতিক্রমী বিশাল এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন বিএনপি নেতা হাজী মো. গোলজার হোসেন প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
আয়োজক সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, হিন্দু-মুসলিমসহ সব ধর্মীয় নেতা এবং স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে জামপুর ইউনিয়নের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উপস্থিতি অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।
দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেম-ওলামারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ঈদুল আজহার শিক্ষা ও ত্যাগের আদর্শ সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বক্তব্য শেষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামপুর ইউনিয়নে হাজী গোলজার হোসেন প্রধানের পাশে থেকে সবাইকে তার পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এদিকে আয়োজক হাজী মো. গোলজার হোসেন প্রধান বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বরাবরের মতোই জামপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমি, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সাবেক জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু এবং উপজেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
উল্লেখ্য, প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশাল ঈদ পুনর্মিলনীতে জুমার নামাজের পর আগত অতিথি ও মুসল্লিদের জন্য এক বর্ণাঢ্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো জামপুর ইউনিয়ন জুড়ে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।