

রাজধানীর মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যা মামলায় দ্বিতীয় দফায় গ্রেপ্তার তিন আসামিকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, রমনা মডেল থানার যুবদলের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে লুৎফর রহমান পাটোয়ারী, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম এবং ১৯নং ওয়ার্ড (রমনা) ছাত্রদলের টিম প্রধান ইসতিয়াক আলী রাকিব ওরফে গোল্ডেল রাকিব।
বুধবার (১০ জুন) রাতে ঢাকা ও লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
আসামিদের পক্ষে তাদের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের ১ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে এই মামলায় বুধবার আল আমিন মাহিন ও রিয়াজুল হাসান নামে দুই আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, সালিশের কথা বলে ডেকে এনে সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের লিফট ও সিঁড়িসংলগ্ন এলাকায় ছুরিকারাঘাতে বিল্লালকে খুন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন মঙ্গলবার (৯ জুন) রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন।