

টরন্টো স্টেডিয়ামে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম হোম বিশ্বকাপ ম্যাচে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে স্বাগতিক কানাডা। ম্যাচের ২১ মিনিটেই বসনিয়া-হার্জেগোভিনার জোভো লুকিচ গোল করে হতাশায় ডুবান স্বাগতিক সমর্থকদের। আর তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বলকান অঞ্চলের দলটি।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কানাডা। ম্যাচের ১৭তম মিনিটে জেসি মার্শের দলের সামনে আসে সবচেয়ে বড় সুযোগ, তবে তা কাজে লাগাতে পারেননি জোনাথন ডেভিড।
তানি ওলুয়াসেয়ির পাস থেকে পাওয়া বল নিয়ে বক্সের বিপজ্জনক জায়গা থেকে জোরালো শট নেন ডেভিড। কিন্তু বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিলজ চমৎকার সেভ করে স্বাগতিকদের হতাশ করেন।
এই মিসের পরই ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় বসনিয়া। কানাডার রিচি লারিয়ার ভুলে পাওয়া কর্নার থেকে শুরু হয় আক্রমণ। মিডফিল্ড থেকে আসা নিচু কর্নারে সেয়াদ কোলাসিনাচ বলটি হেডে ফ্লিক করে বক্সের মাঝখানে বাড়িয়ে দেন। সেখানে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে লাফিয়ে উঠে শক্তিশালী হেডে গোল করেন জোভো লুকিচ। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে কানাডা। ম্যাচের বাকি সময়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও বসনিয়ার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসনিয়া–হার্জেগোভিনা।
দুই দলের দুই গুরুত্বপূর্ণ তারকা ছাড়াই এই ম্যাচে নেমেছে কানাডা ও বসনিয়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কানাডা দলে নেই আলফন্সো ডেভিস। অন্যদিকে বসনিয়ার অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো আছেন বেঞ্চে, শুরু থেকে মাঠে নামেননি তিনি।