মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত

গাছে থোকায় থোকায় ঝুলছে রাম্বুটান। ছবি : কালবেলা
গাছে থোকায় থোকায় ঝুলছে রাম্বুটান। ছবি : কালবেলা

পাহাড়ের পথ বেয়ে সড়কের পাশ ঘেঁষে এক কৃষকের বাড়ি। বাড়ির আঙিনায় গরু, ছাগল, হাঁস-মুরগি। আর ঠিক পাশেই এক টুকরো ঢালু জমিতে গাছে থোকায় থোকায় ঝুলে আছে লাল-সবুজ রঙের বিদেশি ফল রাম্বুটান। পাহাড়ি মাটিতে এই অতি উচ্চমূল্যের ও মানসম্মত ফলের চাষ সাড়া ফেলেছে স্থানীয়ভাবে। কৌতূহলী মানুষজন প্রতিদিন ভিড় করছেন বাগান দেখতে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হাতিয়াপাড়া এলাকায় গড়ে উঠেছে এই রাম্বুটান বাগান।

বিশেষজ্ঞদের মতে, রাম্বুটান চাষ শুধু মাটিরাঙ্গা নয়, পুরো পার্বত্য অঞ্চলে কৃষির সম্ভাবনাকে আরও একধাপ এগিয়ে নিতে পারে।

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) অফিসের তথ্যানুয়ায়ী মাটিরাঙ্গার হাতিয়া পাড়া, কাজি পাড়া, নতুন পাড়া, ১০নং ব্যাঙমারা, সাপমারা, তপ্ত মাস্টার পাড়া, বাইল্যাছড়ি, রাবার বাগানসহ বিভিন্ন স্থানে ৩০ জন কৃষককে ২০টি করে ভিয়েতনামি জাতের রাম্বুটানের চারা বিতরণ করা হয়।

উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় (আরএমটিপি) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) বাস্তবায়নে এবং মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সার্বক্ষণিক পরামর্শে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে রুমা বেগমের নামে তার স্বামী রফিকুল ইসলামকে ৩০টি রাম্বুটানের চারা বিতরণ করা হয়।

মাত্র ৩ বছরের ব্যাবধানে কৃষক রফিকুল ইসলাম বিদেশি ফল রাম্বুটান চাষ করে চমকপ্রদ সাফল্য পেয়েছেন। আজ সেই বাগানেই ধরা দিয়েছে আশার আলো। বাগানের ১২টি গাছে ফল এসেছে। ফলগুলো অপরিপক্ব অবস্থায় সবুজ রং ধারণ করলেও পুষ্ট বা পাকলে লালচে রঙের হয়। আকর্ষণীয় ও স্বাদে অত্যন্ত মিষ্টি যা স্থানীয় বাজারে দারুণ সাড়া ফেলেছে। স্বাদে অনেকটা লিচুর বিকল্প হিসেবে খাওয়া যায়।

এদিকে রফিকুল ইসলাম শুধু ফল বিক্রি করেই থেমে থাকেননি। তিনি নিজের বাগানের রাম্বুটান গাছ থেকে ২০০টি কলম করেছেন, যা তিনি প্রতিটি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করার পরিকল্পনা করেছেন। এই উদ্যোগ একদিকে যেমন চাষ সম্প্রসারণে ভূমিকা রাখছে, অন্যদিকে বাড়তি আয়ের উৎস হিসেবেও কাজ করছে।

কৃষক রফিকুল ইসলাম বলেন, আইডিএফ কর্মকর্তারা একবার আমাদের এলাকায় আসেন। প্রথমে লেবুর চারা দেওয়ার কথা ছিল। পরে তাদের দেখানো ভিডিওতে রাম্বুটান চাষ দেখে আগ্রহী হই এবং অনুরোধ করি রাম্বুটানের চারা দেওয়ার জন্য। তারা আমাকে ৩০টি চারা দেন। গাছগুলো অনেক যত্নে লালন করতাম বলে অনেকে পাগলও বলত। কিন্তু আমি দমে যাইনি। এখন প্রতি কেজি রাম্বুটান ১২০০ টাকা দরে বিক্রি করছি, ২০০টি কলম দিয়েছি। সর্বমোট ৩০/৪০ কেজি ফল বিক্রি করতে পারব। আগামীতে সব গাছে ফল আসবে।

মাটিরাঙ্গা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা বলেন, শুরু থেকেই আমরা কৃষক রফিকুল ইসলামকে পরামর্শ ও সেবা দিয়ে আসছি। রাম্বুটান চাষে ঝুঁকি কম, ফলন ভালো এবং বাজারে এর দামও অনেক বেশি। আশা করি, পাহাড়ে এই ফলের চাষ আরও জনপ্রিয় হবে।

রাম্বুটান চাষ এখন শুধু সম্ভাবনার কথা নয়, বাস্তবতার উদাহরণ জানিয়ে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় আমরা রাম্বুটানের চারা বিতরণ করি। এই অঞ্চলের মাটি ও জলবায়ু রাম্বুটান চাষের জন্য অত্যন্ত উপযোগী। রুমা বেগমকে আমরা ৩০টি রাম্বুটান গাছের চারা সরবরাহ করি। বর্তমানে তার বাগানে ভালো ফলন হয়েছে এবং তিনি বাজারে ভালো দাম পাচ্ছেন।

ফলন বাড়ানো ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রকল্পের আওতায় রাম্বুটানের পাশাপাশি অ্যাভোকাডো, খেজুর, সিডলেস লেবু, কপি, কাজুবাদাম, গৌরমতি আম ও ভ্যানিলাসহ বিভিন্ন উচ্চমূল্যের ফলের চারা বিতরণ করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী জানান, রফিকুল ইসলামের এই সফলতা আমাদের জন্য গর্বের। আমরা তাকে শুরু থেকেই পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়েছি। তার সফলতা অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠছে। তাছাড়া বিদেশি ফল চাষে মাটিরাঙ্গার হাতিয়া পাড়ার কৃষক রফিকুল ইসলামের এই সাফল্য প্রমাণ করে, পরিকল্পিত উদ্যোগ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে পাহাড়ি এলাকায়ও কৃষির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X