

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তাকে বহনকারী একটি হেলিকপ্টার শ্রীবরদী উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখানে তাকে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলসহ উপজেলা জামায়াতের নেতারা অভ্যর্থনা জানান।
এরপর ডা. শফিকুর রহমান মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারকে ধৈর্য ধারণের পরামর্শ দেন।
একপর্যায়ে তিনি রেজাউল করিমের তিন বছরের কন্যা সন্তানকে কোলে তুলে নেন এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
পরে জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। সভায় তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বুধবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন।
মন্তব্য করুন