

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের নাম মো. আরিফ হোসেন (২০)। উপজেলার জিরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের বাঞ্ছারাম বাড়ির সিরাজ মিয়ার ছেলে তিনি।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ফাহিম ও সাইফুলসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রুগুরামপুর গ্রামের স্থানীয় মাঠে বাজি ধরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ঘটে। বিষয়টি সমাধানের চেষ্টা করেন আরিফ। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের কয়েকজন যু্বক তাকে মারধর করে।
পরদিন শুক্রবার সন্ধ্যায় আবারও বাড়ির পাশে আরিফের ওপর হামলা চালানো হয়। এ সময় বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। এ সময় ছুরি্কাঘাতে তার সঙ্গে থাকা চাচাতো দুই ভাই আহত হন। আহতরা হলেন- উমায়ের (২১) ও ওমর (২২)। গুরুতর আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আরিফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার নিহতের বাবা সিরাজ মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।
নিহতের বড় ভাই আকিল হোসেন জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সময় আরিফ বাধা দিলে ফাহিম ও সাইফুলসহ কয়েকজন তাকে মারধর করে। শুক্রবার সন্ধ্যায় তারা আবার হামলা চালিয়ে আরিফ,উমায়ের ও ওমরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পরও হামলাকারীরা থামেননি। তারা ফেসবুকে সৌদি আরব প্রবাসী চাচাত ভাই শেখ সম্রাট হোসেন সজীবকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন