

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসার্স সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আনারুল-রিয়াজ-বিদ্যুৎ (বিএনপিপন্থি) পরিষদের মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছেন। অন্যদিকে ভরাডুবি হয়েছে জামায়াতপন্থি প্যানেলের প্রর্থীদের। এতে মোট ১৮টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৮টি পদেই জয় পেয়েছে আনারুল-রিয়াজ-বিদ্যুৎ পরিষদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে দিনব্যাপী ভোট গ্রহন শেষে রাত সাড়ে ৮ টায় ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. রিয়াজ উদ্দিন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম ভোট পেয়েছেন ৪৪৯। তার প্রতিদ্বন্দ্বী এ মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ৫০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী মামুন রানা ১৮৬ ভোট পেয়েছেন । সহসভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট, কোষাধ্যক্ষ পদে মো. আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সম্পাদক পদে বিএনপিপন্থি প্যানেল থেকে বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন—যুগ্ম সম্পাদক মো.মনোয়ার হোসেন উৎপল, দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো.আব্দুল মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন শামীম, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফরমান আলী।
সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো. আলী রেজা, মো. আব্দুল মতিন, মোসাম্মৎ রোকসানা বেগম টুকটুকি, মো. মাইনুল ইসলাম দুলাল, মো. বোরহান উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ড. মোছা. হাবিবা হায়দার লিচু এবং মো. নাসির উদ্দীন।
প্রসঙ্গত, নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর—২০২৬ ও ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।