কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

আগ্নেয়গিরির ছাই-লাভা সরাতেই চমক প্রাচীন পম্পেই নগরীর দেয়ালে

প্রাচীন পম্পেই নগরীর দেয়ালে শিল্পীদের অপূর্ব কীর্তি। ছবি : সংগৃহীত
প্রাচীন পম্পেই নগরীর দেয়ালে শিল্পীদের অপূর্ব কীর্তি। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম ইটালির বন্দর নগরী পম্পেই। ৭৯ খ্রিস্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল শহরটি। একইসঙ্গে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভার নিচে চাপা পড়েছিল পার্শ্ববর্তী হারকিউলেনিয়ামসহ রোমান সাম্রাজ্যের বিস্তৃত এলাকা। সেখানেই দেখা গেল এক চমক।

১৯৪৫ বছর ধরে জমাটবদ্ধ লাভা ও পুরু ছাইয়ের নিচে চাপা পড়ে ছিল উঁচু দেওয়ালের ঘরটি। সেই আস্তরণ সরাতেই বেরিয়ে এলো ঝলমলে ফ্রেস্কো, দুই হাজার বছর আগের কোনো নাম না জানা শিল্পীদের অপূর্ব কীর্তি।

প্রচীন পম্পেই নগরীকে খুঁজে বের করতে ১৯ শতকের গোড়ার দিকে খননকাজ শুরু করে ইটালি। দীর্ঘ সময়ে দফায় দফায় খননকাজ চলেছে। ছাই ও জমে যাওয়া লাভা সরিয়ে আস্তে আস্তে বেরিয়ে এসেছে গোটা একটা শহর। বর্তমানে বছরে ২৫ লাখ পর্যটক পম্পেইয়ের ধ্বংসস্তূপ দেখতে আসেন।

দুইশো বছরের বেশি সময় ধরে পম্পেই ও তার আশপাশের এলাকায় খনন চললেও এখনো পর্যন্ত এখানকার এক তৃতীয়াংশ এলাকা ছাই ও লাভার তলায় চাপা পড়ে রয়েছে। সে রকমই একটি এলাকায় খননকাজে চালিয়ে কয়েক সপ্তাহ আগে বেরিয়ে এসেছে একটি বিশাল ঘর। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এটি একটি ব্যাঙ্কোয়েট রুম বা পালা-পার্বণে ব্যবহৃত ভোজ-কামরা।

বিশাল এই ঘরটির মেঝে ১০ লাখেরও বেশি ছোট ছোট সাদা টাইলসের টুকরো দিয়ে মোজাইক করা। দেওয়ালগুলোর রং কালো। আর সেই কালো রংয়ের ওপরে কমলা, সবুজ, নীল ও হলুদের মতো উজ্জ্বল রং ব্যবহার করে আঁকা হয়েছে গ্রিক প্রত্নকথার নানা দৃশ্য।

ছাই-লাভার পলেস্তারা সরিয়ে এখনো পর্যন্ত দুটি ফ্রেস্কো বের করেছেন প্রত্নবিদরা। একটি ছবিতে সূর্য ও সংগীতের গ্রিক দেবতা অ্যাপোলো রাজকুমারী কাসান্দ্রাকে প্রেম নিবেদন করছেন। অ্যাপোলোর হাতে বাঁশি। আর একটি ছবিতে রয়েছেন ট্রয়ের রাজকুমার প্যারিস ও স্পার্টার রানি হেলেন। হেলেনের পাশে সম্ভবত তার পরিচারিকা। প্যারিসের পায়ের কাছে বসে রয়েছে একটি বাঘ। মিথ অনুযায়ী প্যারিসের প্রেমে পড়ে স্বামী-সংসার ত্যাগ করে ট্রয় পাড়ি দিয়েছিলেন হেলেন।

প্যারিসের সঙ্গে হেলেন পালিয়ে যাওয়ার পরেই ট্রয় আক্রমণ করেন গ্রিক রাজারা। দশ বছরের দীর্ঘ যুদ্ধের পরে ট্রয়ের পতন হয়। গ্রিক কবি হোমার তার দুটি মহাকাব্যে সেই যুদ্ধ এবং তার পূর্ববর্তী ও পরবর্তী ঘটনাক্রমকে অমর করে গেছেন।

হোমারের প্রায় ৯শ বছর পরে একটি রোমান নগরীর দেওয়ালে গ্রিক প্রত্নকথা-সম্পর্কিত এই ছবি ইতিহাসবিদদের পম্পেই সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে। পম্পেই পুরাতাত্ত্বিক এলাকার দায়িত্বে থাকা গবেষক গাব্রিয়েল জুকট্রিগেল বলেন, ‘পম্পেইকে এত দিন গুরুত্বপূর্ণ বন্দর শহর ভেবে এসেছি। কিন্তু সাম্প্রতিক এই আবিষ্কার আমাদের সামনে এই প্রাচীন নগরীর অন্য একটি সত্তা তুলে ধরেছে। পম্পেই যে রোমান সাম্রাজ্যের শিল্প-সংস্কৃতির অন্যতম পীঠস্থানও ছিল, সে বিষয়ে আমাদের আর সন্দেহ নেই।’

ফ্রেস্কোগুলো সংরক্ষণের পদক্ষেপ নিয়েছেন পুরাতাত্ত্বিকরা। আপাতত সংবাদমাধ্যমের কিছু প্রতিনিধি ছাড়া কাউকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে সাধারণ পর্যটকদের জন্য ঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X