

নিখোঁজের পাঁচদিন পর কিশোরগঞ্জের ইটনা উপজেলার একটি ডোবা থেকে আরিক মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তার গলায় ইট ও কোমরে বস্তা বাঁধা ছিল বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিক মিয়া (১২) নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মে রাত ১টার দিকে আরিক নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন পরিবারের পক্ষ থেকে খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার দুপুরে কালিবাড়ি চর এলাকায় কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিকের বলে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, আরিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের গলায় ইট ও কোমরে বালুভর্তি বস্তা বাঁধা ছিল।
ইটনা থানার ওসি সোহেব মিয়া বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে খালিয়াজুড়ি থানায় জিডি করা হয়েছিল। শনিবার ইটনার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।