

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিটিতে বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করবে গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং পিজিসিবির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (কারিগরি) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং পিজিসিবি এর পক্ষে কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্ এবং পিজিসিবি এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গাউছ মহীউদ্দিন আহমেদ।
এর মাধ্যমে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর এ ২৩০/৩৩ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করবে। উপকেন্দ্রটি নির্মিত হলে বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর এ বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের জন্য নির্ভরযোগ্য বৈদ্যুতিক সংযোগ প্রদান করা সম্ভব হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।