কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ
ঈদের কেনাকাটা

নিম্ন মধ্যবিত্তের ‘ফুটপাত’ মধ্যবিত্তদের দখলে

রাজধানীর সুপার মার্কেট। ছবি : কাজল হাজরা
রাজধানীর সুপার মার্কেট। ছবি : কাজল হাজরা

বছরজুড়েই মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি ভুগছে মধ্যবিত্ত শ্রেণি। কারণ তাদের বেশিরভাগের আয় নির্দিষ্ট। কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ। সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ঘিরে তারা তেমন বড় কোনো পরিকল্পনা করতে পারছেন না। অনেক দরদাম, হিসাব-নিকাশ করেই ঈদের কেনাকাটা করতে হচ্ছে তাদের। মধ্যবিত্তদের কেনাকাটার সবচেয়ে বড় জায়গা নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, মৌচাক এবং এর আশপাশের মার্কেটগুলো। এক সপ্তাহ ধরে এসব মার্কেটের সামনে উপচে পড়া ভিড় দেখা গেলেও ১৫ রমজানেও তেমন ভিড় ছিল না। ঈদের আগে আগামী এক বা দুই দিন ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন দোকানিরা। আর মধ্যবিত্তের পরিচিত দোকানগুলোতে এবার বাজেটের সঙ্গে দরদামের হিসাব না মেলায় অনেকে ফুটপাত থেকে কেনাকাটা করছেন। ফলে নিম্ন মধ্যবিত্তদের কেনাকাটার জায়গা এখন অনেকটাই মধ্যবিত্তদের দখলে চলে গেছে। ফলে ফুটপাতের চেহারাও পাল্টে গেছে। সেখানেও দরদাম করার সুযোগ না রেখে একদামে বিক্রি হচ্ছে পণ্য। দামও তুলনামূলক বেশি। আয়েশা শপিং কমপ্লেক্সের পাঞ্জাবি ব্যবসায়ী শাহীন মাহমুদ বলেন, পাঞ্জাবি সাধারণত শেষ মুহূর্তেই কেনেন সবাই। রমজানের শুরুতে বিক্রি কম হলেও গত এক সপ্তাহে বেড়েছে।

পাঞ্জাবি কিনতে আসা মোহাম্মদ আলী বলেন, এখানে তুলনামূলক কম দামেই বাবা আর ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি। নিজের জন্য কী কিনলেন জানতে চাইলে বলেন, ওদের হাসিমুখ দেখলেই আমার ঈদের আনন্দ পাওয়া হয়ে যাবে।

তবে শাড়ি আর গহনার দোকানে ভিড় ছিল সবচেয়ে কম। কারণ মধ্যবিত্তরা এবার বাজেট কাটছাঁট করতে গিয়ে পরিবারের ছোট আর বৃদ্ধদের বেশি প্রাধান্য দিয়েছেন। ফলে অধিকাংশ মায়েরা নিজেদের জন্য শাড়ি কেনা বাদ দিয়েছেন। বাহুল্য হিসেবে পোশাকের সঙ্গে মিলিয়ে গহনাও বাদ দিয়েছেন অনেকেই। তবে যাদের সাধ্য আছে, তারা ঠিকই সবার জন্য সব কেনাকাটা করছেন।

গাউছিয়া মার্কেটে ফারজানা হক নামে এক ক্রেতা বলেন, দুই মেয়ের জন্য জামা কিনতে এসেছি। পছন্দ আর বাজেট মেলাতে পারছি না। পরে তিন হাজার টাকায় দুই মেয়ের জন্য জামা কিনেছি। কিন্তু জুতা আর গহনার বায়না থাকলেও তা দেওয়ার সাধ্য নেই।

মায়ের জন্য শাড়ি কিনতে এসেছেন হাসান আহমেদ। তিনি বলেন, মা অনেক বারণ করেছে। তার পরও মন মানছে না। তাই মায়ের জন্য অল্প বাজেটের মধ্যে একটা শাড়ি কিনেছি।

অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদের বাজারে ক্রেতাদের উপস্থিতি এখন পর্যন্ত কমই দেখা যাচ্ছে। অন্যবার ১০ রমজানের পর থেকেই ঈদের বেচাবিক্রিতে দোকানিরা ব্যস্ত সময় পার করেছেন। তবে এবার এখনো আগের বছরের তুলনায় বিক্রি প্রায় ৫০ শতাংশ কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মৌচাক মার্কেটের সামনের ফুটপাতে শিশুদের পোশাক বিক্রি করা সাইফুল ইসলাম বলেন, গত বছরেও রমজানের এই সময়ে দিনে প্রায় ৪০ হাজার টাকার বিক্রি হতো। এখন মাত্র ৭-৮ হাজার টাকা বিক্রি হচ্ছে।

আগের তুলনায় এবার পোশাকের দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। রাজধানীর গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে এসেছেন বেসরকারি কলেজের শিক্ষক মুমেনুল। দুই মেয়ের জন্য ৪ হাজার টাকার পোশাক কিনেছেন। তিনি বলেন, এসব কাপড় সবসময় ১ হাজার টাকার মধ্যে পাওয়া যেত, এখন এগুলো ২ হাজার টাকায় কিনতে হচ্ছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, তাদের কিনতেই হচ্ছে বেশি দামে। এর সঙ্গে বিদ্যুৎ বিল, দোকান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় তার সব কিছু যুক্ত করতে হচ্ছে কাপড়ের দামে। সেজন্য অন্য বছরের তুলনায় এবার দাম বেশি রাখতে হচ্ছে। ব্যবসায়ীদের কথার সঙ্গে দেশের মূল্যস্ফীতির স্পষ্ট চিত্র ফুটে উঠছে। দুই বছরে ধরে দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি বলে জানা যায় সরকারি হিসাবে। এ ছাড়া কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ৫০-৬০ শতাংশ, যদিও মানুষের আয় ৫ শতাংশের বেশি বাড়েনি।

তবে কয়েক দিন ধরে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে। তবে ফুটপাতে দেখা মেলে না আগের দৃশ্য। অল্প টাকায় দরদাম করে নিম্নবিত্তদের পোশাক কেনার পরিবর্তে একদামে মধ্যবিত্তরাই কিনছেন ফুটপাতের অধিকাংশ দোকান থেকে। আর ঈদের কেনাকাটা নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। বেশি দামে কিনতে হয় বলে পোশাকের দাম কম রাখতে পারেন না বলে জানান সাইফুল। তিনি বলেন, গতবার যে গেঞ্জি গড়ে ১৮০ টাকায় কিনেছি, সেগুলো এখন ২৫০ টাকায় পাইকারি কিনতে হচ্ছে। গ্রাহকদের ৩০০ টাকা দাম বললে তারা কেনা দামের চেয়েও কম দাম দিতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X