কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স

রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ

কুলাউড়ার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
কুলাউড়ার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। এ ছাড়া খাবার সরবরাহে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগেও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ।

জানা গেছে, হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগে ভর্তিরত রোগীদের ওষুধের পাশাপাশি প্রতিদিন সরকারিভাবে ১৭৫ টাকা মূল্যের তিন বেলা (সকালে নাশতা, দুপুরে ও রাতে ভাত) খাবার দেওয়া হয়। এ ছাড়া বিশেষ দিবসে প্রতি রোগীকে ২০০ টাকায় খাবার দেওয়া হয়। টেন্ডারের শর্ত অনুযায়ী, হাসপাতালটিতে সপ্তাহে তিন দিন দুপুরে ও রাতে ১৭৫ গ্রাম করে ৩৫০ গ্রাম ভাত, মুরগি মাংস ৭৫ গ্রাম করে ১৫০ গ্রাম, মাছ ৭৫ গ্রাম করে ১৫০ গ্রাম, সকালে দুটি পাউরুটি, একটি সিদ্ধ ডিম, দুটি পাকা কলা দেওয়ার কথা। কিন্তু পরিমাণমতো দেওয়া হচ্ছে না। এখানে ছোট সাইজের কলা ও নিম্নমানের পাউরুটি দেওয়া হচ্ছে। মাছ-মাংসসহ মোটা চালের ভাত, পচা-বাসি তরকারিসহ সরবরাহ করা হয়।

হাসপাতালের বাবুর্চি সাজিয়া বেগম অভিযোগ করে বলেন, হাসপাতালে প্রতিদিন রোগীদের খাবারে সব ধরনের উপকরণ কম দেওয়া হয়। মাছ-মাংস একজন রোগীর প্লেটে দুপুরে ও রাতে ১৫০ গ্রাম দেওয়ার কথা কিন্তু দেওয়া হয় ৩০-৪০ গ্রাম পর্যন্ত। প্রতিদিন সকালে নিম্নমানের পাউরুটি, ছোট সাইজের কলা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক কর্মচারী বলেন, এখানে জুনেদ জাহিদ ট্রেডার্সের মুক্তার আহমদ কাগজে-কলমে খাবার সরবরাহের দায়িত্ব পেলেও হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আলমাছুর রহমান তাকে সহযোগিতা করছেন। তাদের দুজনের যোগসাজশে নিম্নমানের খাবার দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে নিচ্ছেন। বেশি কিছু বলতেও পারি না, যদি আলমাছ কোনো ঝামেলা করে। তিনি হাসপাতালে শক্ত একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।

উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা ইউছুফ আলী (৯০) বলেন, পাঁচ দিন ধরে শ্বাসকষ্ট, পেটের ব্যথা নিয়ে ভর্তি আছি। হাসপাতালে দুবার সামান্য ভাত, আলু এক পিস, ছোট সাইজের মাছ-মাংস দেওয়া হয়। তরকারিতে মসলার পরিমাণ খুবই কম, মাছ-মাংস পুরোপুরিভাবে রান্না করা হয়নি। আমি বৃদ্ধ লোক খাবার খেতে গেলে বমি শুরু হয়ে যায়।

পৌর এলাকার জয়পাশা এলাকার বাসিন্দা আকলু মিয়া বলেন, চার দিন ধরে আমার স্ত্রী ছমরুন বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি। খাবারের মান খুবই নিম্নমানের।

একই কথা জানালেন পৌর এলাকার বাসিন্দা শাহেদা আক্তার। তিনি বলেন, আমার ১১ মাসের মেয়ে মরিয়ম নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত। হাসপাতালের খাবার নিম্নমানের হওয়ায় বাইরে থেকে খাবার এনে খাচ্ছি। যে কয়েকবার মাছ দেওয়া হয়েছে তা মাছের লেজ দিয়েছে।

হাসপাতালের পথ্য ঠিকাদার মুক্তার আহমদ খাবারের পরিমাণ কম দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, খাবারে কিছুটা ত্রুটি থাকবে কারণ ভ্যাট-আইটি রয়েছে। ব্যবসায়ী হয়ে দেখেন কত হিসাব। খাবারে মাছ-মাংস পরিমাণ থেকে কম দেওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী দিচ্ছি। মসলাও পরিমাণমতো দিচ্ছি।

হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আলমাছুর রহমান বলেন, আমি ঠিকাদারের সঙ্গে অংশীদারত্বে নেই। যে কেউ এটা বলতে পারে, কারও মুখ তো বন্ধ করতে পারব না। সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে। খাবারের তদারকির দায়িত্ব টিএইচও ও আরএমও আছেন। তারা এ ব্যাপারে ভালো বলতে পারবেন। আমি কোনো অনিয়ম করিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, হাসপাতালের বাবুর্চি ও সহকারীকে সতর্ক করে বলেছি, পথ্য ঠিকাদার যাতে খাবারের পরিমাণ কম না দিতে পারে। গত দুমাস থেকে আমি দেখতেছি খাবারের মান ও ওজন ঠিক আছে। সংশ্লিষ্টদের সতর্ক করেছি, তারা যেন ঠিকাদার দ্বারা প্রভাবিত না হন।

তিনি আরও বলেন, রোগীদের খাবারে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি দুদকও হাসপাতালে এসে রান্না ঘরে অনিয়মের বিষয়টি দেখতে পায়। পরে এ ব্যাপারে আমাদের মৌখিকভাবে সতর্ক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X